খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে বর্তমান সরকার গণরায়, গণভোট ও রাষ্ট্র সংস্কারের প্রত্যাশাকে উপেক্ষা করেছে। তিনি অভিযোগ করেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সরকার গণরায়ের সঙ্গে ‘নির্মম তামাশা’ করেছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের সাহিদ গার্ডেনে খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, রাষ্ট্র সংস্কার ছিল গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান প্রত্যাশা এবং এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য ছিল। কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার সেই প্রত্যাশার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনে গণমানুষের রায়কে উপেক্ষা করায় পশ্চিম পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। একইভাবে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার কারণে দেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে মামুনুল হক বলেন, তিনি আশা করেন তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করবেন এবং জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সংবিধান সংস্কারের পথে এগিয়ে যাবেন। অন্যথায় এ বিষয়ে তারা প্রতিবাদী ভূমিকা পালন করবেন বলেও সতর্ক করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মেহেরপুর জেলা সভাপতি মাওলানা হোসাইন আহমাদ, কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান আরিফ, ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি আসাদুজ্জামান লাল এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক শাহরীয়ার আলমসহ অন্যান্য নেতারা।
সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি শুয়াইব আহমেদ কাসেমী।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: