[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১৩:৩৭

সংগৃহিত ছবি

সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। বিএনপি যাকে সবচেয়ে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল মনে করবে, তাকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে। এ বিষয়ে ব্যক্তিগতভাবে তার কোনো মন্তব্য নেই বলেও জানান তিনি।

বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করার সমালোচনা করে তিনি বলেন, বিএনপি পাঁচবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। জনগণের ম্যান্ডেট নিয়েই দলটি রাষ্ট্র পরিচালনা করেছে, কোনো ধরনের জুলুম বা ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় আসেনি। তাই বিএনপিকে ফ্যাসিবাদী দল বলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যারা এমন মন্তব্য করেন, তাদের রাজনৈতিক জ্ঞানের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জামায়াত গণতান্ত্রিক দল কি না, সে বিষয়ে মন্তব্য করার দায়িত্ব তাদের নিজস্ব নেতৃত্বের।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং বেসরকারি চাকরিজীবীদের প্রার্থী হওয়ার বিষয়ে নির্বাচন কমিশন কিছু পরিকল্পনা করছে। এটি নির্বাচন কমিশনের নিজস্ব বিষয় এবং এ প্রক্রিয়ায় বিএনপি কোনো ধরনের হস্তক্ষেপ করছে না।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মির্জা ফখরুল রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লীমেলার উদ্বোধন করেন, বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বিআরডিবির সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর