[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী-মন্তব্য নুরুল হক নুরের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৬, ১০:১০

সংগৃহিত ছবি

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর মন্তব্য করেছেন, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, ‘ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত।’

সোমবার (৩ আগস্ট) ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর অভিযোগ করেন, বর্তমানে বিভিন্নভাবে ভিডিও ও ফটোকার্ড তৈরি করে রাজনৈতিক প্রচারণা চালানো হচ্ছে। তার দাবি, সরকারি দলের নেতা এবং জোটসঙ্গীদের নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ও ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে আন্দোলন-সংগ্রামের রাজনীতি জনগণ পছন্দ করছে না। ১৭ বছরের ফ্যাসিবাদকে জনগণ হটিয়েছে। এখন একটি সরকারের ছয় মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে।’

সরকারের বিকল্প প্রসঙ্গে নুর বলেন, ‘ধরেন সরকার দায়িত্ব ছেড়ে দিল, তারপর দেশ কে চালাবে? এই মুহূর্তের ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো বিএনপি নেতৃত্বাধীন সরকার ছাড়া অন্য কোনো কার্যকর বিকল্প নেই।’

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গেও সমালোচনা করেন নুরুল হক নুর। তিনি অভিযোগ করে বলেন, এনসিপি বর্তমানে দেশের রাজনীতিতে ‘বিষফোঁড়ায়’ পরিণত হয়েছে। তার ভাষ্য, দলটি এখনো বিরোধী রাজনীতির অভিজ্ঞতা অর্জনের পর্যায়ে রয়েছে এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

নুর আরও দাবি করেন, আন্দোলনের শেষ পর্যায়ে ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত হওয়ার পর একটি বিদেশি গোষ্ঠী এনসিপির ওপর প্রভাব বিস্তার করেছে। তার অভিযোগ, সেই প্রভাবের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে চাপে ফেলার চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘এনসিপি এখন রাজনীতিতে বিষফোঁড়ায় পরিণত হয়েছে। এই বিষফোঁড়ার ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর