[email protected] বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩

তানোরে দোকানে যাওয়ার পথে ব্যবসায়ী নিখোঁজ

জাহিদুর রহমান

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫১

ফাইল ছবি

রাজশাহীর তানোরে বাড়ি থেকে রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে মিজানুর রহমান বাদশা (৫৩) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ মিজানুর রহমান বাদশা কৃষ্ণপুর মোড়ে অবস্থিত ‘শাফায়াত এন্টারপ্রাইজ’ নামে একটি রড-সিমেন্টের দোকানের মালিক। তাঁকে খুঁজে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্ত্রী শামীমা খাতুনসহ পরিবারের সদস্যদের।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মিজানুর রহমান বাদশা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি দোকানে পৌঁছাননি এবং বাড়িতেও ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

এদিকে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার। পরে রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে ব্যর্থ হয়ে তানোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবারের সদস্যরা জানান, সিসিটিভি ফুটেজে মিজানুর রহমান বাদশাকে একটি অটোরিকশায় উঠতে দেখা গেছে। পরে ওই অটোরিকশাচালককে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তিনি বাদশাকে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড এলাকায় নামিয়ে দেন।

এরপর মিজানুর রহমান বাদশা কানসাট সড়কের দিকে রওনা হন বলে পরিবারকে জানানো হয়েছে। তবে এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করা হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর