[email protected] শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩

ফেরদৌসী আহমেদকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১৩:৪৮

ফাইল ছবি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সরকারদলীয় হুইপ আশরাফ উদ্দিন নিজানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তাকে (ফেরদৌসী আহমেদ) পদত্যাগ করতে বলা হয়েছে বলে আমি শুনেছি। প্রধানমন্ত্রী সফর উপলক্ষে এ মুহূর্তে আমি এলাকায় আছি। পরে বিস্তারিত জানাতে পারব।’

গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুরের ঘটনা ঘটে। ওই এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ। ঘটনার পর থেকেই তার পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে।

এদিকে ফেরদৌসী আহমেদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে নানা অভিযোগ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন তৈরি হয়।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় যৌথ অভিযান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর