[email protected] শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

এ বছর থেকেই দেশের বিভিন্ন স্থানে শুরু হচ্ছে যাত্রাপালা: সংস্কৃতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১৮:০৭

সংগৃহীত ছবি

এ বছর থেকেই দেশের বিভিন্ন স্থানে যাত্রাপালা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, নর্তকী নাচ ও অশ্লীলতা বাদ দিয়ে মানুষের জীবনের কথা বলে—এমন পরিচ্ছন্ন ও সুস্থধারার যাত্রাপালার আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সংস্কৃতিকে মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই।’ যাত্রাপালা, বাউল উৎসব, কবিগান ও নৌকাবাইচসহ মানুষের বিনোদন ও আনন্দের সঙ্গে সম্পৃক্ত ঐতিহ্যবাহী আয়োজনগুলো পুনরুজ্জীবিত করতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে। মানুষের জীবনে আনন্দ ফিরিয়ে দেওয়ার পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, যাত্রাপালা বাংলাদেশের লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এতে অশ্লীলতা কিংবা নর্তকী নাচের পরিবর্তে জীবনঘনিষ্ঠ, শিক্ষামূলক ও পরিচ্ছন্ন পরিবেশনা নিশ্চিত করা হবে। এ বছর থেকেই দেশের বিভিন্ন স্থানে যাত্রাপালা আয়োজন শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মইমুর আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ড. রইচ উদ্দীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর