[email protected] রবিবার, ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩

এইচএসসির ফলে প্রকৃত চিত্র উঠে এসেছে, সরকারকে ধন্যবাদ সারজিসের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১৫:২২

সংগৃহিত ছবি

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের মধ্য দিয়ে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। এ জন্য বিএনপি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় একটি দৈনিকের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম।

সারজিস আলম বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল নিয়ে আমি বিএনপি সরকারকে ধন্যবাদ দিতে চাই। কারণ, ফলাফলে প্রকৃত চিত্র বের হয়ে এসেছে।’

এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার মাত্র ৫২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার শিক্ষার্থী। এই ফলাফলের মধ্য দিয়ে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত অবস্থা সামনে এসেছে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।

শিক্ষার্থীদের পড়াশোনার মান কমে যাওয়ার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, মাদকের বিস্তার এবং পড়াশোনা থেকে শিক্ষার্থীদের দূরে সরে যাওয়াকে দায়ী করেন তিনি।

সারজিস আলম বলেন, এ পরিস্থিতির জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার দায় রয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।

আওয়ামী লীগ সরকারের সময়ের পরীক্ষার ফলাফলের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সময়ের ফলাফলগুলো ছিল মাকাল ফলের মতো। ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। তখন পাসের হার ছিল ৯০ শতাংশ, অনেক শিক্ষার্থী এ প্লাস পেত। কিন্তু ঠিকমতো ইংরেজিতে একটা লাইনও লিখতে পারত না। আমরা ওই ধরনের শিক্ষাব্যবস্থা আর চাই না।’

দৈনিক পঞ্চগড় খবরের সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর