[email protected] শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্যবিয়ের হারে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১৬:৫৪

ফাইল ছবি

বাল্যবিয়ের হারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। দেশে প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। এ পরিস্থিতি থেকে উত্তরণে শতভাগ জন্মনিবন্ধন নিশ্চিত করা এবং বিদ্যমান আইন সংশোধনের দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাল্যবিয়ে, অপ্রাপ্তবয়সে বিয়ে ও জোরপূর্বক বিয়ে নির্মূল দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দিবসটি গৃহীত হয়। ইউএনএফপিএ ও ইউনিসেফের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বাল্যবিয়ের হার অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে কন্যাশিশুদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ সীমিত হচ্ছে এবং অপ্রাপ্তবয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

প্রজ্ঞার মতে, বাল্যবিয়ে প্রতিরোধে জন্মনিবন্ধন একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ। জন্মনিবন্ধন শিশুর বয়সের নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে কাজ করে। এর মাধ্যমে বিয়ের ক্ষেত্রে বয়স যাচাই, ভুয়া বয়স দেখিয়ে বাল্যবিয়ের চেষ্টা প্রতিরোধ এবং ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্ত করা সহজ হয়।

তবে দেশে এখনো প্রায় অর্ধেক মানুষ জন্মনিবন্ধনের বাইরে রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিদ্যমান আইনের সীমাবদ্ধতা শতভাগ জন্মনিবন্ধন নিশ্চিত করার ক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করছে।

বিশেষজ্ঞদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে ব্যক্তির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জন্মনিবন্ধনের আইনগত দায়িত্ব দেওয়া প্রয়োজন। এতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশুর জন্মের সময়ই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন নিশ্চিত করা সম্ভব হবে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাল্যবিয়ে নির্মূল এবং সবার আইনি পরিচয় নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে বাংলাদেশের। এ ছাড়া জাতীয় বাল্যবিবাহ নিরোধ কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) ও বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭ বাস্তবায়নেও শতভাগ জন্মনিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে বাল্যবিয়ে প্রতিরোধে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সংলাপেও সর্বজনীন জন্ম ও বিয়ে নিবন্ধন নিশ্চিত করার মাধ্যমে বয়স যাচাই কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘প্রতিটি কন্যাশিশুর জন্ম নিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিয়েমুক্ত দেশ গড়তে তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।’

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর