দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি আর থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে এই পরীক্ষা খুব জটিল হবে না।
তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি সব শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে। তবে সেটা খুব কঠিন কিছু হবে না। ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের তো আমরা নিউরোসার্জন বানাতে যাচ্ছি না। একটি সহজ বা সিম্পল টেস্টের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।”
ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য ও তদবির বাড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের কোনো সুযোগ রাখা হবে না।
তিনি বলেন, “এখানে কোচিং করানোর সুযোগ রাখা হবে না। খুব সাধারণভাবে একটি সিম্পল টেস্ট নেওয়া হবে। তাই অভিভাবকদের চিন্তার কোনো কারণ নেই।”
শিক্ষামন্ত্রী আরও বলেন, লটারি পদ্ধতিতে ভর্তি করানো কোনো শিক্ষাব্যবস্থায় থাকা উচিত নয় বলে তিনি মনে করেন। তাই শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য সহজ পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: