ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার ঈদুল আজহা উপলক্ষে একটি অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম, বিয়ে ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।
অনুষ্ঠানে নতুন করে প্রেম কিংবা বিয়ের পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে বাঁধন জানান, গত বছর তিনি বিয়ের কথা ভেবেছিলেন। এমনকি বিয়ে করার মতো একজন মানুষও তার জীবনে এসেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর পরিণতি পায়নি।
বাঁধন বলেন, “সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম। যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে আসলে ভেগে গেছে।”
বর্তমানে বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বলেও জানান এই অভিনেত্রী। তবে প্রেমের অভিজ্ঞতা যে তার জীবনে ছিল, সেটিও অকপটে স্বীকার করেন তিনি।
তার ভাষায়, “এখন আমি বিয়ে করার মতো পাত্র আমার আশপাশে পাই নাই। প্রেম করার জন্য দুই-একজনকে পেয়েছিলাম। তাদের মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ের জন্য পাত্রটাই আসলে গুরুত্বপূর্ণ।”
নিজের অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বাঁধন বলেন, “বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।”
আলাপচারিতায় ঈদকে ঘিরে শৈশবের স্মৃতিও তুলে ধরেন তিনি। বাঁধন জানান, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আনন্দমুখর সময় কাটানো। মুন্সীগঞ্জের শ্রীনগরে তাদের গ্রামের বাড়িতে উদযাপিত ঈদের স্মৃতি এখনও তার মনে উজ্জ্বল।
তবে সময়ের সঙ্গে ঈদের অনুভূতিও বদলে গেছে বলে মনে করেন এই অভিনেত্রী। তার মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের আনন্দের চেয়ে দায়িত্ববোধই বেশি অনুভূত হয়। আর ছোটবেলায় রোজার ঈদের সবচেয়ে আনন্দের বিষয় ছিল সিনেমা হলে গিয়ে ছবি দেখা, যা এখনও তার স্মৃতিতে বিশেষ জায়গা করে আছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: