[email protected] রবিবার, ২১ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩

আজ বছরের দীর্ঘতম দিন, সবচেয়ে ছোট রাত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ২১:৪৩

ফাইল ছবি

আজ ২১ জুন, পৃথিবীজুড়ে মহাজাগতিক এক বিশেষ ঘটনার সাক্ষী হচ্ছে মানুষ। উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন এবং দক্ষিণ গোলার্ধে বছরের দীর্ঘতম রাত একসঙ্গে তৈরি করেছে এক বিরল ভৌগোলিক বৈপরীত্য।

জ্যোতির্বিজ্ঞানের ভাষায় দিনটিকে বলা হয় গ্রীষ্মকালীন অয়নান্ত বা ‘সামার সলস্টিস’। বাংলাদেশসহ উত্তর গোলার্ধের দেশগুলোতে আজ দিনের সময় সবচেয়ে দীর্ঘ, আর রাত তুলনামূলকভাবে সবচেয়ে ছোট।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের আলো প্রায় ১৩ ঘণ্টা স্থায়ী হবে। অর্থাৎ সূর্য আজ আকাশে বছরের অন্য যেকোনো দিনের তুলনায় বেশি সময় অবস্থান করবে।

বিজ্ঞানীদের মতে, পৃথিবী তার নিজ অক্ষের ওপর ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলে সূর্যকে প্রদক্ষিণ করার কারণেই এই পরিবর্তন ঘটে। বছরের এ সময়ে উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে থাকে। ফলে সেখানে দিনের দৈর্ঘ্য বেড়ে যায়। অন্যদিকে দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে তুলনামূলকভাবে কিছুটা দূরে হেলে থাকায় সেখানে ঘটে উল্টো ঘটনা—আজ তাদের বছরের দীর্ঘতম রাত এবং সবচেয়ে ছোট দিন।

গ্রীষ্মকালীন অয়নান্ত ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে প্রাচীনকাল থেকেই নানা উৎসব ও ধর্মীয় আচার পালিত হয়ে আসছে। যুক্তরাজ্যের প্রাচীন স্টোনহেঞ্জে প্রতি বছর হাজারো মানুষ সমবেত হয়ে সূর্যোদয়ের বিশেষ মুহূর্ত প্রত্যক্ষ করেন।

সূর্যের গতিপথের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মিত স্টোনহেঞ্জ সামার সলস্টিসের দিনে বিশেষ গুরুত্ব বহন করে। এবারও ভোরের প্রথম আলো দেখতে সেখানে বিপুল মানুষের সমাগম ঘটে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর