‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। World Health Organization-এর নির্ধারিত এই প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশেও দিবসটি উদযাপনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রেক্ষাপট হিসেবে জানা যায়, ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধান গৃহীত হয়। ১৯৪৮ সালের ৭ এপ্রিল এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলে দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতি বছর বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য ইস্যু নির্ধারণ করে দিবসটি পালন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে National Heart Foundation of Bangladesh ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ‘সেবা সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে। সপ্তাহজুড়ে চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এর অংশ হিসেবে ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শীর্ষক একটি সেমিনার আজ সকাল ৯টায় মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: