ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত তিন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (স্থানীয় সময়) গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে আল-জাহরা এলাকায় চালানো ওই হামলায় এএফপির একজন ফ্রিল্যান্স সাংবাদিকসহ তিনজন প্রাণ হারান বলে জানিয়েছে গাজার বেসামরিক সামরিক প্রতিরক্ষা দপ্তর।
বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বিমান হামলায় নিহত সাংবাদিকদের মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তিন সাংবাদিক হলেন মোহাম্মদ সালাহ কাশতা, আবদুল রউফ শাআত এবং আনাস ঘনেইম। তাঁদের মধ্যে আবদুল রউফ শাআত ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে ফরাসি বার্তা সংস্থা এএফপিতে কাজ করতেন। তবে হামলার সময় তিনি এএফপির কোনো দায়িত্বে নিয়োজিত ছিলেন না বলে জানিয়েছে সংস্থাটি।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, মধ্য গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ড্রোন পরিচালনাকারী কয়েকজন ‘সন্দেহভাজনকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ওই ড্রোনটি সেনাদের জন্য হুমকি তৈরি করছিল। তাই ড্রোনটি সক্রিয় করা ব্যক্তিদের নির্ভুলভাবে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাটি নির্ধারিত কমান্ড চেইনের অনুমোদনে পরিচালিত হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়। তবে হামাস-সংশ্লিষ্ট ড্রোন বলতে কী বোঝানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী।
এর আগে দেওয়া এক বিবৃতিতে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছিল, আল-জাহরা এলাকায় একটি বেসামরিক যানবাহন লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, মিসরীয় রিলিফ কমিটির ত্রাণ বিতরণের ছবি ধারণের জন্য সাংবাদিকরা একটি ড্রোন ব্যবহার করছিলেন। এ সময় তাদের সঙ্গে থাকা যানবাহনটি লক্ষ্য করে হামলা চালানো হয়।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য ও বিপজ্জনক লঙ্ঘন বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে ফিলিস্তিন জার্নালিস্টস সিন্ডিকেট হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি ফিলিস্তিনি সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েলি দখলদার শক্তির পরিকল্পিত ও পদ্ধতিগত নীতির অংশ।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এতে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে সরাসরি লড়াই অনেকাংশে কমলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: এএফপি
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: