[email protected] মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন পুতিন’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮

ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন এবং তাকে থামাতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম BBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেন যুদ্ধে হারছে না; বরং তারা বিজয়ী হবে। তিনি যুদ্ধবিরতির জন্য পুতিনের প্রস্তাবিত শর্ত মেনে নেওয়ার বিরোধিতা করেন। তার ভাষ্য, রাশিয়া চাইছে ইউক্রেন কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে সরে আসুক। কিন্তু যেসব এলাকা দখলে নিতে রুশ বাহিনী হাজার হাজার সেনা হারিয়েছে, সেই দাবির কাছে কিয়েভ নতি স্বীকার করবে না।

জেলেনস্কি আরও বলেন, পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন। এ সংকটের একমাত্র সমাধান হলো তার ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়ে তাকে পিছু হটতে বাধ্য করা।

তিনি বলেন, “আমি মনে করি তিনি ইতিমধ্যেই এটি শুরু করেছেন। প্রশ্ন হলো তিনি কতটা অঞ্চল দখল করতে পারবেন এবং কীভাবে তাকে থামানো যাবে। রাশিয়া বিশ্বকে জীবনযাপনের ভিন্ন একটি পদ্ধতি চাপিয়ে দিতে চায় এবং মানুষের বেছে নেওয়া জীবনধারা বদলে ফেলতে চায়।”

রাশিয়ার দাবি অনুযায়ী, ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় ডোনেৎস্কের প্রায় ২০ শতাংশ এলাকা—যা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে এবং যাকে কিয়েভ ‘দুর্গ শহর’ বলে—ছাড়তে হবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের খেরসন ও জাপোরিঝঝিয়ার আরও কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার শর্তও দিয়েছে মস্কো।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, “আমি বিষয়টি শুধু ভূমি হিসেবে দেখি না। আমি দেখি এটি আমাদের অবস্থান দুর্বল করা এবং সেখানে বসবাসকারী লাখো মানুষকে পরিত্যাগ করা। আমি এটাকে ত্যাগ হিসেবে দেখি। আর আমি নিশ্চিত, এই ‘পিছু হটা’ আমাদের সমাজকে বিভক্ত করবে।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর