ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় স্মরণসভা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় তার নিহত হওয়ার কয়েকদিন পর এই সিদ্ধান্তের কথা জানানো হলো।
তিন দিনব্যাপী এ অনুষ্ঠান বুধবার (৪ মার্চ) থেকে শুরু হওয়ার কথা ছিল। তেহরানে স্থানীয় সময় রাত ১০টা থেকে স্মরণসভা শুরুর পরিকল্পনা ছিল, যা টানা তিন দিন চলার কথা ছিল।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বিভিন্ন প্রদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের অনুরোধ এবং কিছু লজিস্টিক সমস্যার কারণে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে।
খামেনিকে দাফনের প্রস্তুতিও চলছে। স্মরণসভায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এই শোকসমাবেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার ঝুঁকিও বিবেচনায় রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছিলেন।
এর আগে ইরানের ইসলামিক প্রোপাগেশন কাউন্সিলের প্রধান হোজ্জাতোলেসলাম মাহমুদি জানিয়েছিলেন, তেহরানের ইমাম খোমেনি প্রেয়ার হলে তিন দিনব্যাপী রাষ্ট্রীয় স্মরণসভা অনুষ্ঠিত হবে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তা আপাতত স্থগিত করা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: