ইরান ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ নেবে না। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি বুধবার (১১ মার্চ) রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে এই তথ্য জানান।
মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ায় নিরাপত্তাজনিত কারণে ইরান বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না। তিনি বলেন, “যেহেতু এই দুর্নীতিগ্রস্ত শাসকগোষ্ঠী আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না। আমাদের সন্তানরা নিরাপদ নয় এবং এমন পরিস্থিতিতে অংশ নেওয়ার মতো পরিবেশ নেই।”
২০২৬ সালের বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮ দলের জন্য অনুষ্ঠিত হবে এবং যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজক দেশ হিসেবে কাজ করবে।
আহমদ দুনিয়ামালি আরও উল্লেখ করেন, “ইরানের বিরুদ্ধে তাদের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের ফলে গত আট-নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এতে হাজারো মানুষ নিহত ও শহীদ হয়েছেন। তাই সেখানে আমাদের উপস্থিতি সম্ভব নয়।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: