[email protected] সোমবার, ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২

সিএনএনের প্রতিবেদন

তেহরানে আতঙ্ক ও অনিশ্চয়তা, টানা হামলায় বিপর্যস্ত জনজীবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৮:৫৫

সংগৃহিত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানের জনজীবন। যুদ্ধের তৃতীয় সপ্তাহে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। শহরজুড়ে আতঙ্ক, উৎকণ্ঠা এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।

স্থানীয় নাগরিকদের ভাষ্যমতে, প্রতিটি রাত কাটছে ভয়াবহ আতঙ্কে। তেহরানের এক ৩২ বছর বয়সী বাসিন্দা জানান, গত কয়েক দিন ধরে তাদের মনে হচ্ছে যেন তারা ধ্বংসস্তূপের মধ্যে বসবাস করছেন এবং ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি বর্তমান পরিস্থিতিকে শ্বাসরুদ্ধকর ও গভীর হতাশাজনক বলে উল্লেখ করেন।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, প্রতি রাতেই হামলার তীব্রতা বাড়ছে। এতে সাধারণ মানুষ নিজেদের ক্রমশ বিশ্বের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন মনে করছেন।

তবে এমন পরিস্থিতিতেও অনেকেই স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। ৪৪ বছর বয়সী এক বাসিন্দা বলেন, মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মাঝেও জীবন থেমে থাকে না। আতঙ্কে ঘরে বসে থাকার বদলে দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়াকেই তারা বেঁচে থাকার লড়াই হিসেবে বেছে নিয়েছেন।

এদিকে ৩০ বছর বয়সী এক নারী জানান, প্রায় প্রতিরাতেই শহরের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়, যা অত্যন্ত ভীতিকর। বিদেশে থাকা কিছু প্রবাসী এই সংঘাতকে সমর্থন করলেও তেহরানের সাধারণ মানুষের কাছে এটি একটি বড় ভুল সিদ্ধান্ত এবং অর্থহীন ধ্বংসযজ্ঞ বলেই মনে হচ্ছে।

স্থানীয়দের মতে, টানা বোমাবর্ষণের মধ্যে এই মানবেতর জীবন কোনোভাবেই কাম্য নয় এবং তারা দ্রুত এই সংঘাতের অবসান চান।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর