[email protected] বুধবার, ১৮ মার্চ ২০২৬
৪ চৈত্র ১৪৩২

আরেক শীর্ষ সামরিক কর্মকর্তার নিহতের তথ্য জানাল ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৯

ফাইল ছবি

ইরানের স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলেইমানি নিহত হয়েছেন। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার রাতে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। সংস্থাটি এ ঘটনাকে ইরানের জন্য “বড় ক্ষতি” হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, “এই সম্মানিত শহীদের হত্যাকারী দুষ্ট ও সন্ত্রাসীদের সতর্ক করে দিচ্ছি—নিবেদিতপ্রাণ বাসিজ যোদ্ধারা তাদের নেতার ও শহীদদের রক্তের প্রতিশোধ নিতেই থাকবে।”

বাসিজ বাহিনী ইরানের একটি গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী আধাসামরিক সংগঠন, যা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও সামরিক কর্মকাণ্ডে আইআরজিসিকে সহায়তা করে।

এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে তেহরান। মঙ্গলবার রাতে তার ওপর হামলা চালানো হয়। পরদিন বাংলাদেশ সময় বুধবার ভোররাতের দিকে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

লারিজানির মৃত্যুর বিষয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতি দিয়েছে, যা প্রকাশ করেছে দেশটির বার্তাসংস্থা মেহের নিউজ।

সূত্র: আলজাজিরা

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর