পড়াশোনার বাইরে ভিন্নধর্মী বার্তা দিয়ে আলোচনায় এসেছে সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অব এভিয়েশন। বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ফুল উপভোগ করার পাশাপাশি প্রেমে পড়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
Reuters-এর এক প্রতিবেদনে বলা হয়, কলেজটি তাদের WeChat অ্যাকাউন্টে ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বসন্তকালীন ছুটির প্রতিপাদ্য হিসেবে ফুল দেখা ও রোমান্স উপভোগের কথা জানিয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাময়িকভাবে বইপত্র সরিয়ে রেখে ছুটি উপভোগের আহ্বান জানানো হয়। এর আগে চীন সরকার গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি বসন্ত ও শরৎকালীন ছুটি চালুর ঘোষণা দেয়।
কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের লক্ষ্য হলো অভ্যন্তরীণ ভোগ বাড়ানো এবং তরুণদের মধ্যে পারিবারিক জীবন গঠনে আগ্রহ সৃষ্টি করা। পর্যাপ্ত অবসর সময় তরুণদের সন্তান নিতে উৎসাহিত করবে বলেও মনে করা হচ্ছে।
উল্লেখ্য, চীনে টানা কয়েক বছর ধরে জন্মহার কমছে। ২০২৫ সালে দেশটির জনসংখ্যা আরও হ্রাস পায় এবং জন্মহার নেমে আসে রেকর্ড নিম্নে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
এ প্রেক্ষাপটে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন শিশু-বান্ধব উন্নয়ন জোরদারে নতুন নির্দেশনা দিয়েছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ ও খেলাধুলা খাতে উন্নয়ন বাড়িয়ে শিশু-বান্ধব শহর গড়ে তোলার কথা বলা হয়েছে।
এদিকে, ট্রাভেল কোম্পানি Trip.com-এর সহ-প্রতিষ্ঠাতা জেমস লিয়াং বলেন, সন্তান লালন-পালনের জন্য সময় ও আর্থিক সক্ষমতা জরুরি। তরুণদের এ বিষয়ে সচেতন করতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সূত্র: রয়টার্স
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: