মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আংশিকভাবে উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, নির্দিষ্ট কিছু ‘বন্ধুরাষ্ট্র’ এবং বিশেষ অনুমোদিত দেশের জাহাজ এ পথ দিয়ে চলাচল করতে পারবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, পশ্চিমা সংবাদমাধ্যমে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ—এমন যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয়। তিনি জানান, বিভিন্ন দেশের শিপিং কোম্পানি নিরাপদ যাতায়াতের জন্য তেহরানের সঙ্গে যোগাযোগ করেছে এবং যেসব দেশকে ইরান ‘বন্ধু’ হিসেবে বিবেচনা করছে, তাদের জাহাজ চলাচলে নিরাপত্তা দেওয়া হচ্ছে।
ইরানের ঘোষিত ‘বন্ধু তালিকায়’ রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তান। আরাগচি বলেন, “এই দেশগুলো আমাদের সঙ্গে সমন্বয় করেছে এবং তাদের জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করা হচ্ছে।” তিনি আরও জানান, সম্প্রতি ভারতের দুটি জাহাজ এ পথ ব্যবহার করে নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।
তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, যারা চলমান যুদ্ধে সরাসরি জড়িত বা শত্রুপক্ষ হিসেবে বিবেচিত—তাদের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং কিছু উপসাগরীয় দেশের জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
ইরান আরও বলেছে, যুদ্ধ পরিস্থিতি চললেও বন্ধু দেশগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে এবং তাদের জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: