মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের তেল দখল করার বিষয়ে আগ্রহী এবং প্রয়োজনে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খারগ দ্বীপ দখলের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরানের তেল দখল করা।” এ সময় যুক্তরাষ্ট্রের ভেতরে এ ধরনের পদক্ষেপের বিরোধিতাকারীদের তিনি ‘বোকা’ বলেও মন্তব্য করেন।
খারগ দ্বীপ দখলের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “হয়তো আমরা খারগ দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের কাছে অনেক বিকল্প আছে।” তিনি আরও ইঙ্গিত দেন, এ ধরনের পদক্ষেপ নিলে সেখানে কিছু সময়ের জন্য মার্কিন উপস্থিতি বজায় রাখতে হতে পারে।
দ্বীপটির প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প দাবি করেন, “আমার মনে হয় না তাদের কার্যকর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজেই এটি দখল করতে পারি।”
এ মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সাড়ে তিন হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। এতে করে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং সম্ভাব্য সংঘাতে মার্কিন বাহিনী ইরানি হামলার মুখে পড়তে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে।
একই সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, পাকিস্তানের প্রতিনিধিদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা এগোচ্ছে। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি বলেন, “খুব দ্রুতই একটি চুক্তি হতে পারে।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: