[email protected] রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩

চীনের সহায়তায় উচ্চক্ষমতাসম্পন্ন ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৭

সংগৃহিত ছবি

চীনের সহায়তায় উচ্চক্ষমতাসম্পন্ন ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। শনিবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে রিমোট সেন্সিং স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

লং মার্চ-৬ রকেটের মাধ্যমে উৎক্ষেপিত ‘পিআরএসসি-ইও৩’ স্যাটেলাইটটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া।

এটি চীনের লং মার্চ রকেট সিরিজের ৬৪০তম মিশন, যা দেশটির ক্রমবর্ধমান মহাকাশ কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোসফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে, ‘ইও৩’ একটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত ইলেকট্রো-অপটিক্যাল স্যাটেলাইট। এটি পাকিস্তানের মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্যাটেলাইটটি শুধু চিত্র ধারণেই সীমাবদ্ধ নয়, এতে উন্নত পরীক্ষামূলক পে-লোডও রয়েছে। এর মধ্যে মাল্টি-জিওমেট্রি ইমেজিং মডিউল, উন্নত শক্তি সঞ্চয় ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ডেটা প্রক্রিয়াকরণ ইউনিট রয়েছে, যা তাৎক্ষণিক বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

সরকারি তথ্যমতে, ‘ইও৩’ যুক্ত হওয়ায় পাকিস্তানের আর্থ অবজারভেশন স্যাটেলাইট বহরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এটি প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, স্যাটেলাইটটি নগর পরিকল্পনা, খাদ্য নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এ সাফল্যকে ‘ঐতিহাসিক মাইলফলক’ উল্লেখ করে বলেন, এটি দেশের আত্মনির্ভরতা, বৈজ্ঞানিক দক্ষতা এবং মহাকাশ প্রযুক্তিতে অগ্রগতির সুস্পষ্ট প্রমাণ।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সুপারকোর বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়ে মহাকাশ কর্মসূচি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি মহাকাশ খাতে চীনের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

বিশ্লেষকদের মতে, ‘ইও৩’ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে পাকিস্তান সমন্বিত আর্থ অবজারভেশন সিস্টেম গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে, যা দেশের টেকসই সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর