[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৭

ফাইল ছবি

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ তুলে না নিলে ‘নজিরবিহীন পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা রাষ্ট্রীয় টিভি চ্যানেল প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি এই অবরোধ বজায় রাখে, তাহলে ইরানকে কঠোর জবাব দিতে বাধ্য হতে হবে। এখন পর্যন্ত তেহরান সংযম দেখিয়েছে কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দেওয়ার জন্য, যাতে ওয়াশিংটন ইরানের শর্ত বিবেচনা করে স্থায়ী সমাধানের পথে এগোয়। তবে যুক্তরাষ্ট্র যদি একগুঁয়েমি নীতিতে অটল থাকে, তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে বলে সতর্ক করেন তিনি।

এদিকে আন্তর্জাতিক জলসীমায় ইরানি জাহাজ জব্দের ঘটনায় জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে এ ধরনের পদক্ষেপকে ‘অবৈধ জবরদস্তি’ ও ‘বৈধ বাণিজ্যে হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি একে ‘সামুদ্রিক জলদস্যুতা’ বলেও আখ্যা দেন।

অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান চুক্তিতে সম্মত না হলে হরমুজ প্রণালি ও দেশটির বন্দরগুলো ঘিরে নৌ-অবরোধ অব্যাহত থাকবে। তিনি এই অবরোধকে যুক্তরাষ্ট্রের একটি বড় সাফল্য হিসেবে দাবি করেন এবং তেহরানকে সমঝোতায় আসার আহ্বান জানান।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। ফলে এ অঞ্চলে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্র: প্রেস টিভি

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর