যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর অবরোধ এড়িয়ে এশিয়া–প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলের ট্যাংকার। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাংকারট্র্যাকারস ডটকম’ এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) মালিকানাধীন ‘হিউজ’ নামের জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্যাংকারট্র্যাকারস জানায়, এক সপ্তাহেরও বেশি সময় আগে জাহাজটিকে সর্বশেষ শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
সংস্থাটি আরও জানায়, গত ১৩ এপ্রিল মার্কিন নৌবাহিনী ইরানি বন্দর অবরোধের ঘোষণা দেওয়ার সময় ‘হিউজ’ ইরানের জলসীমায় অবস্থান করছিল। এর আগে ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর জাহাজটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ রাখা হয়েছিল, ফলে এর অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
এদিকে, গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করে, তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে মার্কিন অবরোধ ভেঙে গন্তব্যে পৌঁছেছে। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি, অবরোধ শুরুর পর থেকে তারা ইরান-সংশ্লিষ্ট অন্তত ৪১টি নৌযানকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, অবরোধ কার্যকরভাবে কাজ করছে এবং এতে ইরানের কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। তাদের মতে, বন্দর অবরোধের কারণে ইরান তেল রপ্তানিতে বাধার মুখে পড়েছে এবং মজুতের সীমাবদ্ধতার কারণে দেশটি উৎপাদন কমাতে বাধ্য হতে পারে।
সূত্র: আল–জাজিরা
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: