[email protected] শনিবার, ২৩ মে ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ছেলের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন না ট্রাম্প, কারণ ইরান পরিস্থিতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১১:০৪

ফাইল ছবি

জ্যেষ্ঠ ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়ে-পরবর্তী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুসহ গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্বের কারণে শনিবার (২৩ মে) অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরান-সংক্রান্ত পরিস্থিতির কারণেই তাকে ওয়াশিংটনে থাকতে হচ্ছে।

তিনি বলেন, “ইরান এবং আরও কিছু বিষয়ের কারণে সময়টা ভালো নয়। ইরান মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়। কী হয় দেখা যাবে। তবে আমরা তাদের কঠোরভাবে আঘাত করেছি এবং আমাদের আর কোনো উপায় ছিল না, কারণ ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না।”

ট্রাম্প আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন ডিসিতে থাকা তার জন্য জরুরি।

পাম বিচ কাউন্টির নথি অনুযায়ী, বৃহস্পতিবার পাম বিচের সমাজকর্মী ও মডেল বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এটি তার দ্বিতীয় বিয়ে।

এদিকে মার্কিন গণমাধ্যম ‘পেজ সিক্স’-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বাহামায় নবদম্পতির ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন না। প্রথমে সপ্তাহান্তে তার নিউ জার্সির বেডমিনস্টারে থাকার পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত তিনি হোয়াইট হাউসেই অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, তিনি দীর্ঘদিন ধরেই বেটিনা অ্যান্ডারসনকে চেনেন এবং তাদের দাম্পত্য জীবনের সুখ কামনা করেন।

এর একদিন পর শুক্রবার (২২ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নবদম্পতিকে অভিনন্দন জানান ট্রাম্প। তিনি লেখেন, “আমি খুবই চেয়েছিলাম আমার ছেলে ডন জুনিয়র এবং ট্রাম্প পরিবারের নতুন সদস্য হতে যাওয়া বেটিনার সঙ্গে থাকতে। কিন্তু সরকার-সংশ্লিষ্ট পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব আমাকে তা করতে দিচ্ছে না।”

জানা গেছে, বেটিনা অ্যান্ডারসন পাম বিচের একটি প্রভাবশালী পরিবারের সদস্য। তার বাবা হ্যারি লোই একজন ব্যাংকার ও সমাজসেবী। গত ডিসেম্বরে হোয়াইট হাউসের একটি ছুটির অনুষ্ঠানে ট্রাম্প জুনিয়র ও অ্যান্ডারসনের বাগদানের ঘোষণা দেওয়া হয়েছিল।

৪৮ বছর বয়সী ট্রাম্প জুনিয়রের প্রথম স্ত্রী ভেনেসা ট্রাম্পের ঘরে পাঁচ সন্তান রয়েছে। ২০০৫ সালে মার-আ-লাগোতে তাদের বিয়ে হয় এবং ২০১৮ সালে বিচ্ছেদ ঘটে। পরে তিনি কিমবার্লে গিলফয়েলের সঙ্গে বাগদান করেন। বর্তমানে গিলফয়েল গ্রিসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে ট্রাম্প জুনিয়র তার ভাই এরিক ট্রাম্পের সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশন পরিচালনা করছেন। অন্যদিকে বেটিনা অ্যান্ডারসন ‘প্রজেক্ট প্যারাডাইস ফিল্ম ফান্ড’-এর কমিটির সদস্য হিসেবে ফ্লোরিডার পরিবেশ সংরক্ষণে কাজ করছেন।

সূত্র: এনবিসি, দ্য হিল

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর