[email protected] বুধবার, ২৭ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১১:২৯

সংগৃহিত ছবি

পবিত্র হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বুধবার (২৭ মে) মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজি। মঙ্গলবার আরাফাতের ময়দানে অবস্থান এবং রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপনের পর বুধবার সকালে মিনায় পৌঁছান তারা।

ভোর থেকেই প্রতীকী শয়তানের তিনটি স্তম্ভ লক্ষ্য করে ছোট ছোট পাথর নিক্ষেপ শুরু করেন হাজিরা। হজের নিয়ম অনুযায়ী, ১১, ১২ ও ১৩ জিলহজ পর্যন্ত তিন দিন ধরে জামারাতের তিনটি স্তম্ভ— আল-উলা (ছোট), আল-উস্তা (মেজ) ও আল-আকাবা (বড় শয়তান)-এ পাথর নিক্ষেপ করা হয়।

এর আগে মুজদালিফায় অবস্থানকালে শয়তানকে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় কঙ্কর সংগ্রহ করেন হাজিরা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এটি শয়তানের কুমন্ত্রণা ও অশুভ শক্তির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বুধবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় বিধান অনুযায়ী, সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন।

হজের পরবর্তী আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বৃহস্পতিবার হাজিরা মাথা মুণ্ডন বা চুল ছেঁটে ইহরামমুক্ত হবেন। এরপর তারা মক্কার কাবা শরিফে গিয়ে তাওয়াফ সম্পন্ন করবেন। পরে আবারও মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। সবশেষে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি হজ পালনে সৌদি আরবে সমবেত হয়েছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর