সৌদি আরবের পবিত্র মক্কা নগরী মঙ্গলবার এক বিরল ও দৃষ্টিনন্দন মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টা ১৮ মিনিটে সূর্য পবিত্র কাবার ঠিক মাথার ওপরে অবস্থান নেয়। শতাব্দীর অন্যতম এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা বিশ্বজুড়ে মুসলিমদের জন্য কিবলার সঠিক দিক নির্ধারণের বিশেষ সুযোগ তৈরি করে দেয়।
জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালক প্রকৌশলী মাজেদ আবু জাহরা জানান, ওই বিশেষ মুহূর্তে সূর্য পবিত্র কাবার সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায়। তখন সূর্যের কৌণিক অবস্থান ছিল ৮৯ দশমিক ৯৪ ডিগ্রি, অর্থাৎ পূর্ণ লম্বরেখা থেকে মাত্র ০ দশমিক ০৬ ডিগ্রি দূরে।
এর ফলে মক্কা নগরীতে খাড়াভাবে থাকা প্রায় সব বস্তুর ছায়া অদৃশ্য হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এই ছায়াহীন মুহূর্তকে কাজে লাগিয়ে বিশ্বের যেকোনো স্থান থেকে সূর্যের অবস্থান ও ছায়ার দিক নির্ণয়ের মাধ্যমে কিবলার সঠিক দিক নির্ধারণ করা সম্ভব হয়।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যে সূর্যের আপাত বার্ষিক গতির কারণে প্রতিবছর নির্দিষ্ট সময়ে এই ঘটনা দুইবার ঘটে থাকে। আধুনিক বিজ্ঞানের যুগে এর জ্যোতির্বিজ্ঞান ও শিক্ষাগত গুরুত্ব অনেক বেশি।
তবে শুধু বৈজ্ঞানিক গুরুত্বই নয়, প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশের মসজিদের কিবলা নির্ধারণ বা সংশোধনের কাজে এই বিশেষ সময়কে ব্যবহার করে আসছেন গবেষক ও ধর্মীয় বিশেষজ্ঞরা।
সূত্র: সৌদি গেজেট
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: