ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।
ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। এতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ধরনের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘণ্টার মাথায় পাল্টা আঘাত হেনেছে ইরান ও তার মিত্ররা। পাল্টা হামলার জেরে ইসরায়েলের রাজধানী জেরুজালেমসহ মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন বেজে উঠেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, জেরুজালেম এবং গুশ দানসহ মধ্য ইসরায়েলের প্রায় প্রতিটি এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলি কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ফলে কোনো বাণিজ্যিক বিমান ইসরায়েলে অবতরণ বা উড্ডয়ন করতে পারছে না।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেনের দিক থেকেও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে কাজ করছে।
মধ্যপ্রাচ্যে চলমান এই পাল্টাপাল্টি হামলায় নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: