[email protected] শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩

জর্ডানে ইরানের হামলায় ৩ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১৯:৪৫

ফাইল ছবি

জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে আকস্মিক হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরানের দাবি, এই হামলায় কয়েকজন মার্কিন কর্মকর্তা ও কারিগরি কর্মী নিহত হয়েছেন। এছাড়া তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস এবং আরও তিনটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আজরাক বিমানঘাঁটিতে হামলাটি চালানো হয়েছে বলে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এসব দাবি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

আইআরজিসির দাবি, হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম। তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও তিনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরান জানিয়েছে, বুধবার রাতে কশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাব হিসেবেই জর্ডানের বিমানঘাঁটিতে এই অভিযান চালানো হয়েছে।

এর আগে বুধবার রাতে ইরানের কশম দ্বীপে ড্রোন স্থাপনা ও কমান্ড সেন্টার লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মধ্যরাত থেকে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টার অভিযানে আইআরজিসির ডজনখানেক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান ও তার মিত্রদের হুমকি কমাতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কশম দ্বীপে মার্কিন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

দুই দেশের পাল্টাপাল্টি সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে অঞ্চলজুড়ে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।

সূত্র: রয়টার্স, মেহর নিউজ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর