[email protected] বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩

ইরানে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না: কুশনার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৬, ১১:২৩

ফাইল ছবি

ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মার্কিন দূত জ্যারেড কুশনার।

সম্প্রতি ইসরায়েলের তেল আবিবে অবস্থানকালে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। একই সঙ্গে ইরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শর্তগুলোও তুলে ধরেন কুশনার।

কুশনার বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট অবস্থানে রয়েছেন। তার দৃঢ় বিশ্বাস, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।

তিনি বলেন, ইরানের সঙ্গে একটি ন্যায্য ও উভয় পক্ষের জন্য লাভজনক চুক্তিতে পৌঁছাতে প্রেসিডেন্ট ট্রাম্প আগ্রহী। তবে এ ধরনের চুক্তির আগে তেহরানকে কিছু মৌলিক শর্ত মেনে চলতে হবে।

কুশনারের ভাষ্য অনুযায়ী, চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে এমন পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে হবে, যা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা তৈরি করতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। এর মধ্যেই কুশনারের এই বক্তব্য তেহরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক আলোচনায় ওয়াশিংটনের কঠোর অবস্থানকে আরও স্পষ্ট করেছে।

সূত্র: এএনআই

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর