পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের বিতর্কিত পোস্টার ঘিরে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের মধ্যে মুখ খুলেছেন বলিউড তারকা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এ বিষয়ে তিনি বলেছেন, ‘যে যেমনভাবে ভাববে, দেশ সেভাবেই চলবে।’
পূজার কয়েক দিন আগে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে একটি পোস্টার লাগানো হয়। এতে হিন্দুদের মুসলিম দোকান থেকে বিরিয়ানি ও পূজার সামগ্রী না কিনে হিন্দু দোকান থেকে কেনার আহ্বান জানানো হয়। পোস্টারটি ঘিরে পশ্চিমবঙ্গজুড়ে বিতর্কের সৃষ্টি হয়।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার আগরপাড়ায় ‘আমরা সবাই ইয়াং ম্যান অ্যাসোসিয়েশনের’ দুর্গাপূজা উদ্বোধন করতে গিয়ে এ বিষয়ে কথা বলেন মিঠুন চক্রবর্তী।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিজেপির এই নেতা বলেন, ‘এটা মুক্ত বাংলা। সেজন্য উৎসাহ ফিরে পেয়েছি। ১২ থেকে ১৩ হাজার নতুন পূজা যোগ হয়েছে, এটাই তার প্রমাণ। সবাই আনন্দ করুক, উৎসব করুক।’
এ সময় ‘ককরোচ পার্টি’র আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। মিঠুন চক্রবর্তী বলেন, পূজার অনুষ্ঠানে নয়, অন্য কোনো অনুষ্ঠানে এ বিষয়ে জানতে চাইলে তিনি অবশ্যই উত্তর দেবেন।
এরপর হিন্দু জাগরণ মঞ্চের বিতর্কিত পোস্টার নিয়ে প্রশ্ন করা হলে মিঠুন চক্রবর্তী বলেন, ‘যে যেমনভাবে ভাববে, দেশ সেভাবেই চলবে। ওরা যদি ভেবে থাকে, হবে।’
তাঁর এই মন্তব্যের মধ্য দিয়ে বিতর্কিত পোস্টার নিয়ে নিজের অবস্থান তুলে ধরলেও বিষয়টি ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: