ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে করা আবেদনের শুনানি নিয়ে তিনটি আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সংশ্লিষ্ট সব নথি আদালতের হেফাজতে (কাস্টডিতে) দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শুনানি শেষে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন। আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী। নির্বাচনি ট্রাইব্যুনালের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান ব্যারিস্টার শাহরিয়ার কবীর।
এর আগে ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।
গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
পরবর্তীতে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গেজেট জারি করেন। তবে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় এখনো দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়নি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: