সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদে জয় পেয়েছেন বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা। বাকি একটি সদস্য পদে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী-সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) প্রার্থী।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে নীল প্যানেলের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের অ্যাডভোকেট আবদুল বাতেন পেয়েছেন ৭৮৮ ভোট।
অন্যদিকে সম্পাদক পদে নীল প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।
দুই দিনব্যাপী এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বুধবার (১৩ মে) ও বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রথম দিনে ভোট দেন ১ হাজার ৭৭১ জন আইনজীবী এবং দ্বিতীয় দিনে ভোট দেন ২ হাজার ২৭৭ জন। সব মিলিয়ে ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে মোট ৪ হাজার ৪৮ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গণনা শুরু হয়। পরে রাত দুইটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচন পরিচালনা-সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক সাবেক বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবী মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহ-সভাপতির দুটি পদে নীল প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. মাগফুর রহমান শেখ ও অ্যাডভোকেট মো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান। সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
সদস্য সাতটি পদের মধ্যে ছয়টিতে জয় পেয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। তারা হলেন— ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, অ্যাডভোকেট এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান। অপর সদস্য পদে জয় পেয়েছেন সবুজ প্যানেলের অ্যাডভোকেট মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
এবারের নির্বাচনে মোট ১৪টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি-সমর্থিত নীল প্যানেল, জামায়াত-সমর্থিত সবুজ প্যানেল এবং এনসিপি-সমর্থিত লাল-সবুজ প্যানেল নির্বাচনে অংশ নেয়। তবে সমিতির ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগপন্থি আইনজীবীদের সাদা প্যানেল নির্বাচনে অংশ নেয়নি।
গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত সমিতির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: