বৃষ্টির দিনে জানালার কাঁচে টুপটাপ শব্দ আর বাতাসে ভেসে আসা ভেজা মাটির গন্ধ অনেকের মনকে অজান্তেই আবেগী করে তোলে। এমন আবহাওয়ায় হঠাৎ করেই মনে পড়ে যায় ফেলে আসা সময়, প্রিয় মানুষ আর পুরনো স্মৃতিগুলো।
মনোবিজ্ঞানীদের মতে, মেঘলা আবহাওয়া মানুষের স্মৃতিকে বেশি সক্রিয় করে তোলে। চারপাশে নীরবতা নেমে এলে মন নিজের ভেতরের অনুভূতিগুলোকে খুঁজে বের করতে শুরু করে। ফলে ভালোবাসা, একাকীত্ব, আফসোস কিংবা মায়ার মতো অনুভূতিগুলো তখন আরও তীব্র হয়ে ওঠে।
বিশেষ করে বৃষ্টির দিনে পুরনো প্রেমের স্মৃতি অনেকের মনেই উঁকি দেয়। ছাতার নিচে পাশাপাশি হাঁটা, হঠাৎ ভিজে গিয়ে একসঙ্গে হাসাহাসি কিংবা প্রিয় গান ভাগাভাগি করে শোনার মতো ছোট ছোট মুহূর্তগুলো আবার জীবন্ত হয়ে ওঠে।
শুধু প্রেম নয়, এই সময় শৈশবের স্মৃতিও ভেসে আসে। টিনের চালে বৃষ্টির শব্দ, মায়ের হাতের গরম খিচুড়ি, বৃষ্টিতে ভেজা নিয়ে বকা—এসব স্মৃতি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও আবেগঘন হয়ে ওঠে। যারা পরিবার থেকে দূরে থাকেন, তাদের কাছে বৃষ্টির দিন অনেক সময় এক ধরনের শূন্যতা আর হাহাকার তৈরি করে।
এছাড়া, এমন কিছু মানুষও আছেন যারা আর কখনও ফিরে আসবেন না, কিন্তু বৃষ্টির দিনে তাদের স্মৃতিগুলো যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। আবহাওয়ার এই নিঃসঙ্গতা হৃদয়ের শূন্যতাকে আরও গভীরভাবে অনুভব করায়।
তবে সবাই যে একই অনুভূতিতে ভোগেন, তা নয়। কেউ পুরনো বন্ধুদের কথা মনে করেন, কেউ হারিয়ে যাওয়া সময়কে, আবার কেউ এমন কাউকে মনে করেন যাকে কখনও নিজের মনের কথা বলা হয়নি।
এ বিষয়ে মেহেদী হাসান রনি নামের এক তরুণ বলেন, “বৃষ্টি নামলেই আমার বড় বোনের হাতের ডিম খিচুড়ির কথা মনে পড়ে। পরিবারের সবাই একসঙ্গে বসে বৃষ্টি দেখতাম আর খেতাম।”
মারিয়া হোসেন নামের এক তরুণী বলেন, “বৃষ্টি এলেই মনে পড়ে স্কুলের বন্ধুদের সঙ্গে ভিজে কাটানো সময়গুলো। এখন সেগুলো শুধুই স্মৃতি।”
অন্যদিকে সুজন নাজমুল নামের এক তরুণ জানান, “বৃষ্টি আমাকে পুরনো প্রেমের কথা মনে করিয়ে দেয়।”
বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির আবহে বাইরের ব্যস্ততা কমে যাওয়ায় মানুষ নিজের অনুভূতির দিকে বেশি মনোযোগ দেয়। আর সেই কারণেই বৃষ্টি নামলেই মনের জানালায় ভিড় করে অসংখ্য স্মৃতি ও অনুভূতি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: