ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-কে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
তিনি উল্লেখ করেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেওয়া একটি নবীন রাজনৈতিক দল হিসেবে মাত্র এক বছরের ব্যবধানে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা, এর মধ্যে ছয়টিতে বিজয় এবং আরও কয়েকটিতে সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা একটি অসাধারণ অর্জন।
প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য শুধু নির্বাচনি পরিসংখ্যান নয়; এটি তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ। তিনি স্মরণ করেন চব্বিশের সেই আন্দোলনের উত্তাল দিনগুলোর কথা এবং বলেন, নাহিদ ইসলামের নেতৃত্ব, সাহসিকতা ও অদম্য মনোবল আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যাভিমুখী করেছিল। সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির হৃদয়ে গভীর কৃতজ্ঞতা জাগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বার্তায় তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে নাহিদ ইসলামকে কিছুদিন পাওয়ার অভিজ্ঞতা ছিল মূল্যবান। তার কর্মদক্ষতা, নীতিগত দৃঢ়তা ও প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ তাকে মুগ্ধ করেছে।
প্রফেসর ইউনূস বলেন, গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন নতুন কণ্ঠস্বর ও নতুন ধারণা স্থান পায় এবং প্রজন্মান্তরের সেতুবন্ধন তৈরি হয়। এনসিপির অল্প সময়ের সাফল্য প্রমাণ করে যে তরুণ সমাজ নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত। এই আস্থা রক্ষা করা এখন দলের বড় দায়িত্ব।
তিনি আশা প্রকাশ করেন, সংসদে অর্জিত প্রতিনিধিত্বের মাধ্যমে এনসিপি জনগণের আশা-আকাঙ্ক্ষা—বিশেষত তরুণদের প্রত্যাশা—উপস্থাপনে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেবে।
বার্তার শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, সংগ্রামের পথ থেকে রাজনীতির মূলধারায় প্রবেশের এই রূপান্তরে আদর্শ ও মূল্যবোধ অক্ষুণ্ণ থাকবে—এটাই সবার প্রত্যাশা। মহান আল্লাহতায়ালার কাছে নাহিদ ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন তিনি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: