[email protected] শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২

৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৪

ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকারের নির্বাচন কার্যক্রম শুরু করতে চাইছে। এ সংক্রান্ত চিঠি ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে কমিশনের কাছে পাঠানো হয়েছে।

ইসি সূত্র জানায়, এই তিন সিটি করপোরেশন নির্বাচনের পর পর্যায়ক্রমে বাকি ৯ সিটি করপোরেশনসহ জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন আয়োজন করা হবে।

২০১৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০ পৌরসভা, ৪৯৭ উপজেলা পরিষদ এবং ৬৪টি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে আদালতের আদেশে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।

ইসি সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা শুরু হয়। সেই সময় তিন বড় সিটি করপোরেশন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চিঠি দেওয়া হয় ইসিকে। তবে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের আপত্তির কারণে সংসদের আগে নির্বাচন আয়োজন হয়নি।

আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০২০ সালের ২ জুন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০২০ সালের ৩ জুন, এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি। এ হিসাবে এই তিন সিটির নির্বাচনের সময় সবচেয়ে জরুরি বলে মনে করছে কমিশন।

ইসি জানিয়েছে, চিঠি পাওয়ার পর ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, প্রার্থী যাচাই-বাছাই এবং নির্বাচনী কর্মকর্তা নিয়োগসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হবে। বিশেষ করে চট্টগ্রাম সিটির জন্য সময় সীমিত হওয়ায় সেখানে আলাদা জরুরি পরিকল্পনা নেওয়া হতে পারে।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, “আমাদের মূল দায়িত্বই হচ্ছে নির্বাচন আয়োজন। সরকারের নির্দেশনা পাওয়া মাত্রই সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো আয়োজনের পথে এগোবেন আমরা।”

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর