আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে পুলিশের সর্বোচ্চ পদ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
এর আগে ২০২৪ সালের ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হন। তার চুক্তির মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত থাকার কথা থাকলেও এর আগেই তার পদত্যাগের গুঞ্জন সামনে আসে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে ব্যাপক রদবদল করা হয়। এর ধারাবাহিকতায় পুলিশ প্রশাসনেও পরিবর্তন আসে। নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য এবং তার বাড়ি বাগেরহাট জেলায়।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি প্রথমে চাকরিচ্যুত এবং পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হন। সে সময় তিনি সরকারের রোষানলের শিকার হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় তিনি এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান। পরে সুপার নিউমারারি পদে ডিআইজি এবং গত বছরের ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ তাকে আইজিপি পদে নিয়োগ দেওয়া হলো।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: