তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউসে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা ও ইকো সিস্টেমের সঙ্গে নতুন গণমাধ্যমের সমন্বয় এখনো পুরোপুরি সম্ভব হয়নি। তথ্য মন্ত্রণালয় যে সময়ে গড়ে উঠেছে, তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। বর্তমানে তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের ব্যাপক প্রসার ঘটলেও সেই পরিবর্তনের সঙ্গে যথাযথভাবে খাপ খাওয়ানো সম্ভব হয়নি। গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে সৃষ্ট মনোমালিন্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো পুরোপুরি অবগত নন। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: