[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

টানা ৩৯ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৫

ফাইল ছবি

আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে দেশে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংঘটিত এ ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, এটি মাঝারি ধরনের ভূমিকম্প। সাতক্ষীরার আশাশুনিতে এর উৎপত্তি হয়েছে, যা ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রায় ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

অন্যদিকে, United States Geological Survey (ইউএসজিএস) জানিয়েছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৪ দশমিক ৬ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম অঞ্চলে।

এরও আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল মাওলাইক (মিয়ানমার) থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং গভীরতা ছিল ১২৯ দশমিক ৭ কিলোমিটার।

গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে ৪ দশমিক ১ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল সিলেটের ছাতক উপজেলায়। এছাড়া ১০ ফেব্রুয়ারি ভোরে সিলেটে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সর্বশেষ প্রাপ্ত তথ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর