ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগকালীন আশ্রয়ের জন্য প্রাথমিকভাবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলো চিহ্নিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি।
রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মন্ত্রী বলেন, ঢাকা অত্যন্ত জনবহুল ও অপরিকল্পিত নগরী। বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধারকাজ পরিচালনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাই দ্রুততম সময়ের মধ্যে ১ লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেকোনো জরুরি পরিস্থিতিতে তারা যেন তাৎক্ষণিক সাড়া দিতে পারেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ভূমিকম্প-পরবর্তী সময়ে মানুষের নিরাপদ আশ্রয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য খোলামেলা জায়গা হিসেবে খেলার মাঠ ও বিভিন্ন স্কুলকে প্রাথমিকভাবে চিহ্নিত করার কথা বলা হয়েছে, যাতে দুর্যোগের পরপরই মানুষকে সেখানে সরিয়ে নেওয়া যায়।
মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি প্রাথমিক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে পরবর্তী বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: