[email protected] সোমবার, ২ মার্চ ২০২৬
১৮ ফাল্গুন ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার দাবি: রাষ্ট্রপতিকে ভাষণ না দেওয়ার অনুরোধে চিঠি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৪:০৪

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখার লক্ষ্যে জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে মো. সাহাবুদ্দিন–কে ভাষণদান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর কাছে চিঠি দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন।

চিঠিতে বলা হয়, একজন সংসদ সদস্যকে স্পিকার নির্বাচিত করে তার মাধ্যমে সংসদ অধিবেশন আহ্বান এবং ভাষণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। বিকল্পভাবে, প্রধানমন্ত্রী তাঁর সুবিধামতো এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন—এমন অনুরোধও জানানো হয়েছে।

এদিকে আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেদিন বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করা হয়েছে।

সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়ে থাকে। প্রথম বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ উপস্থাপন, শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হয়। অধিবেশনজুড়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর দেড় বছর পর অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করার বিধান রয়েছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম বৈঠক শুরু হয় এবং সেখানে নতুন স্পিকার নির্বাচন করা হয়। তবে এবার কে সভাপতিত্ব করবেন, সে বিষয়টি এখনো স্পষ্ট হয়নি।

দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর থেকে প্রকাশ্যে দেখা যাননি। অন্যদিকে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর