[email protected] রবিবার, ২৯ মার্চ ২০২৬
১৫ চৈত্র ১৪৩২

সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, নিরপেক্ষতার অঙ্গীকার ডেপুটি স্পিকারের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৬:৪২

ফাইল ছবি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার প্রথম আনুষ্ঠানিক ভাষণে সংসদ পরিচালনায় নিরপেক্ষতা ও ইনসাফ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র।

রোববার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে প্রথমবারের মতো সভাপতিত্ব করেন তিনি। এ সময় তিনি এবারের সংসদকে ‘মজলুমদের সংসদ’ ও ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করে সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ পরিচালনার ঘোষণা দেন।

বক্তব্যের শুরুতেই ডেপুটি স্পিকার সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং তার নির্বাচনি এলাকা নেত্রকোনা-১-এর জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর অবদানের কথা উল্লেখ করে বলেন, খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে স্বীকৃত।

ডেপুটি স্পিকার ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে গণতন্ত্রের নতুন দ্বার হিসেবে আখ্যায়িত করেন। তিনি শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম ও মীর মুগ্ধসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই আন্দোলন প্রমাণ করেছে—জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি।

সংসদ পরিচালনায় নিরপেক্ষতা নিশ্চিত করতে ইতোমধ্যে সরকার ও দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান তিনি। স্পিকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি সংসদ সদস্যের অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.)-এর আদর্শের উল্লেখ করে তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, তিনি সঠিক থাকলে সহযোগিতা এবং ভুল করলে সংশোধনের আহ্বান জানান।

এবারের সংসদের বিশেষত্ব তুলে ধরে তিনি বলেন, এই সংসদ বিশ্বের ইতিহাসে বিরল—এখানে কেউ এসেছেন ফাঁসির কন্ডেম সেল থেকে, কেউ আয়নাঘর থেকে, কেউ নির্বাসন শেষে, আবার কেউ গুম-নির্যাতনের স্মৃতি নিয়ে।

বিখ্যাত আইনবিদ এভি ডাইসি-এর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়—সরকার কিংবা জনগণ, সবাইকে আইনের অধীনেই থাকতে হবে। যুক্তরাজ্যে পড়াশোনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তব্যের শেষে জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সমালোচনার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান ডেপুটি স্পিকার। তিনি বলেন, জাতীয় সংসদ হবে জাতির দর্পণ এবং জনগণের কল্যাণ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই হবে মূল লক্ষ্য।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর