[email protected] রবিবার, ২৯ মার্চ ২০২৬
১৫ চৈত্র ১৪৩২

পহেলা বৈশাখ উদযাপনে সরকারের একাধিক সিদ্ধান্ত, প্রতিপাদ্য ‘ঐক্যতান ও গণতন্ত্র পুনরুদ্ধার’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৬:৫০

সংগৃহিত ছবি

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’।

রোববার (২৯ মার্চ) সকাল ১১টা ১০ মিনিটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরী। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সরকার জানায়, বাংলা নববর্ষ উদযাপনকে সার্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করতে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে।

এর মধ্যে অন্যতম হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। এ আয়োজনকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এছাড়া ছায়ানট-এর উদ্যোগে রাজধানীর রমনা বটমূলে বরাবরের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি চ্যানেলগুলো বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর ফিড ব্যবহার করে সম্প্রচার করবে।

এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান নববর্ষ উপলক্ষে নিজ নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

সরকার আরও জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে নববর্ষ উদযাপনে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হবে। এ কার্যক্রমে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-কেও যুক্ত করা হবে।

সভায় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলা নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানানো হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান-এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, ছায়ানট প্রতিনিধি অধ্যাপক কাওসার হাসান টগর, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় মোট ৬০ জন প্রতিনিধি সরাসরি অংশ নেন। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও অধিদপ্তরের প্রতিনিধিরা অনলাইনে যুক্ত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর