ইরানকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর মিলিয়ে (ব্লেন্ডেড) ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, এ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ এবং মন্ত্রিসভার বৈঠকে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বৃহস্পতিবার বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে।
প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ছয় দিনের মধ্যে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। একদিন অনলাইন ক্লাসের পরদিন সশরীর ক্লাস অনুষ্ঠিত হবে। অনলাইনে ক্লাস হলেও শিক্ষকরা প্রতিষ্ঠানেই উপস্থিত থেকে পাঠদান করবেন। তবে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সশরীরেই নেওয়া হবে।
গত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, এ প্রস্তাব বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
উল্লেখ্য, COVID-19 মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। প্রায় দেড় বছর বন্ধ থাকার সময় বিকল্প হিসেবে অনলাইন ও টেলিভিশনে ক্লাস চালু করা হয়েছিল। তবে বিভিন্ন গবেষণায় এসব পদ্ধতির কার্যকারিতা সীমিত বলে উঠে এসেছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: