[email protected] বুধবার, ৮ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

অধ্যাদেশ পাসে গতি আনতে সংসদে ‘ডাবল শিফট’ অধিবেশন শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১০:২৩

ফাইল ছবি

১৩৩টি অধ্যাদেশকে নির্ধারিত সময়ের মধ্যে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে আজ মঙ্গলবার থেকে জাতীয় সংসদের অধিবেশন দিনে দুই বেলা অনুষ্ঠিত হচ্ছে। সময়ের স্বল্পতা কাটিয়ে ওঠা এবং আইনি শূন্যতা এড়াতেই এই ‘ডাবল শিফট’ অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন থেকে প্রতিদিন সকাল ও বিকেলে পৃথক দুই সেশনে সংসদ সদস্যরা আইন প্রণয়ন কার্যক্রমে অংশ নেবেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি বিল আকারে পাস হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সংসদের কার্যক্রম ছিল বেশ কর্মমুখর। একদিনেই সাতটি গুরুত্বপূর্ণ বিল পাস করা হয়। পাশাপাশি তিনটি নতুন বিল সংসদে উত্থাপন করা হয়েছে।

তবে ওই তিনটি বিলের ক্ষেত্রে বিরোধী দলের পক্ষ থেকে কিছু পর্যবেক্ষণ ও আপত্তি ওঠায় সেগুলো তাৎক্ষণিকভাবে পাস করা সম্ভব হয়নি। সংসদীয় রীতি অনুযায়ী, এসব জনগুরুত্বপূর্ণ বিল নিয়ে আরও পর্যালোচনা প্রয়োজন।

ধারণা করা হচ্ছে, আজকের অধিবেশনে আলোচনার মাধ্যমে ওই বিলগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির জারি করা কোনো অধ্যাদেশ সংসদের পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে আইন হিসেবে পাস না হলে তা বাতিল হয়ে যায়। এই সময়সীমা মাথায় রেখেই সংসদীয় কার্যক্রমে গতি আনতে দুই সেশনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর