[email protected] বুধবার, ৮ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

সংবিধান সংশোধনে সরকার উদার, বিরোধীদলের ভূমিকায় সন্তুষ্ট স্পিকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ২০:০২

সংগৃহিত ছবি

বর্তমান সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের ক্ষেত্রে অত্যন্ত উদার ও সচেষ্ট বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি বর্তমান সংসদে বিরোধীদলের সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করেন।

মঙ্গলবার স্পিকারের কার্যালয়ে United Nations Development Programme (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে তারা ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, সংসদের কার্যপ্রণালি বিধি এবং নতুন সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, ইউএনডিপি ও জাতীয় সংসদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সুনির্দিষ্ট করা প্রয়োজন। নতুন সংসদ সদস্যদের দায়িত্ব, কার্যাবলি ও এখতিয়ার সম্পর্কে ধারণা দিতে ইউএনডিপি ওরিয়েন্টেশন কোর্স আয়োজন করতে পারে বলেও তিনি মত দেন। পাশাপাশি নারী সংসদ সদস্যদের জন্য দ্বিপাক্ষিক সফর বিনিময়ের সুযোগ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন।

সংসদকে আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি ডিজিটাইজড লাইব্রেরি ব্যবস্থা চালু, স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং নিজস্ব প্রিন্টিং ও প্রেস স্থাপন এখন সময়ের দাবি।

এদিকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বর্তমান সংসদকে “অত্যন্ত প্রাণবন্ত” উল্লেখ করে বলেন, ইউএনডিপি ও বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলোচনায় বৈশ্বিক জ্বালানি সংকট ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েও মতবিনিময় হয়। এ সময় যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলোর নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করা হয়।

সাক্ষাৎকালে ইউএনডিপির প্রতিনিধিদলে উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা ড্রাগন পপোভিক এবং সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর