[email protected] বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
৩ বৈশাখ ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণে জোর দিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৩:১৯

সংগৃহিত ছবি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হুমায়ুন কাদের চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকারের ইশতেহারে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)’ এর আওতায় ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আগামী ১ জুলাই থেকে ৫ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)’ শুরু হবে। এ কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর