[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৩ বৈশাখ ১৪৩৩

‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১২:১২

সংগৃহিত ছবি

আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগে দুদকসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার।

প্রতিমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংসদে লিখিত প্রশ্নে শামছুর রহমান শিমুল বিশ্বাস জানতে চান, আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে প্রশাসনে দলীয়করণের ফলে কতজন বিসিএস ক্যাডারকে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর এবং ওএসডি করা হয়েছে। পাশাপাশি বিসিএস নিয়োগে দুর্নীতির অভিযোগে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না—সেটিও জানতে চান তিনি।

জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, ৩৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

তিনি আরও বলেন, বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত কার্যক্রম চলছে এবং প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর