[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

প্রবীণ সাংবাদিকদের জন্য অবসরভাতা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ২০:৪৭

ছবিঃ সংগৃহীত

প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অবসরভাতা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ অসুস্থ প্রবীণ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, “আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও এ খাতের কর্মীরা প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে থাকায় নানা অনিশ্চয়তার মধ্যে কাজ করেন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিন উপেক্ষিত ছিল।”

তিনি আরও বলেন, “সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা। কিন্তু অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ পর্যায়ে আর্থিক কষ্টে দিন কাটান। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার কাজ করছে, যাতে তারা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন।”

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম জোরদার করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়নে কাজ করছে। পাশাপাশি সাংবাদিকদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন মন্ত্রী এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল ও ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর