[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

ভুয়া সাংবাদিকতা ঠেকাতে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করবে সরকার: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ২১:২২

ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের এই যুগে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ একটি অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা নিয়েছে।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বাগেরহাট-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আব্দুল আলীমের টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ, ন্যারেটিভ তৈরি, তথ্য বিষয়ে নীতি সহায়তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতায় প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি জানান, প্রতি মাসে ঢাকার বাইরে চারটি এবং ঢাকায় দুটি কর্মশালা আয়োজনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি ঢাকায় সাংবাদিক নেতৃবৃন্দকে নিয়ে প্রতি মাসে অন্তত একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, দেশের অভ্যন্তরে কর্মরত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সঙ্গে সুসম্পর্ক ও যোগাযোগ স্থাপন করা হয়েছে। ফ্যাক্ট চেকিং ও ভুয়া খবর প্রতিরোধে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সংস্থা, মূলধারার সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার আয়োজনের প্রস্তুতিও চলছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে তথ্য অধিদফতর থেকে গুজব প্রতিরোধ বিষয়ে ২২টি ফটোকার্ড ও ১০টি তথ্যবিবরণী বিভিন্ন জাতীয় দৈনিক ও নিউজ পোর্টালে প্রকাশের জন্য পাঠানো হয়েছে।

মন্ত্রী জানান, প্রেস কাউন্সিল আইন অনুযায়ী সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও জনরুচিবিরোধী সংবাদ প্রকাশের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান অভিযোগ করতে পারে। বর্তমানে এ ধরনের আটটি অভিযোগ বিচারাধীন রয়েছে।

তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় উৎসাহ দিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল সম্প্রতি ঢাকাসহ দেশের ৩২টি জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে।

খুলনা-৫ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ আলির এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য সংশোধনী কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসুস্থ, অসচ্ছল, দুর্ঘটনায় আহত ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের মার্চ ২০২৬ পর্যন্ত মোট এক হাজার ১১০ জন সাংবাদিক ও তাদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

এ ছাড়া ৪০২ জন সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানকে ৭৩ লাখ ২৬ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়েছে। ২০২৬ সালের রমজানে দুই হাজার সাংবাদিক পরিবারকে ১ কোটি ১২ লাখ ৩৪ হাজার টাকার ইফতার ও ঈদ উপহার দেওয়া হয়েছে।

সূত্র: বাসস

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর